রায়পুর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত স্বেচ্ছাসেবক দল কর্মী জসিম উদ্দিন ব্যাপারী হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসের হাট বাজারে এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষ, নিহতের স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এসময় বক্তারা ,‘আমরা জসিম হত্যার বিচার চাই’, ‘হত্যাকারীদের ফাঁসি চাই’, ‘সন্ত্রাসীদের আশ্রয়দাতাদেরও বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
প্রসঙ্গত: গত ৭ এপ্রিল বিএনপির দু পক্ষ উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট ও চরবংশী গ্রামে সংঘর্ষে জড়ান। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পথে সাইজুদ্দিন দেওয়ান নামের একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয় জসিম উদ্দিন ব্যাপারীসহ তিনজনকে। এর মধ্যে জসিম উদ্দিন সোমবার বেলা দেড়টার দিকে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয়েছে। নিহত দুজনের শরীরেই ধারালো অস্ত্রের জখম ছিল।
গত বুধবার নিহত জসিমের বাবা ফজল করিম বেপারী বাদী হয়ে রায়পুর থানায় হত্যা মামলা করেন। এতে উত্তর চরবংশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী মোস্তফা কামালকে প্রধান আসামি করে ৪৮ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৮০ জনকে। নিহত জসিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন এবং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচিত।
