ধর্ষণে ব্যর্থ হয়ে ভাগনিকে হত্যা, ৩ দিনের রিমান্ডে মামা

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ পিএম

চট্টগ্রামের চন্দনাইশে ভাগনিকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা মামলার আসামি নাজিম উদ্দিনের (৩০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২০ এপ্রিল) চট্টগ্রাম অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম সরোয়ার এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জুনাইদ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজিম উদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত ছৈয়দ আহমেদের ছেলে।

চন্দনাইশ থানার ওসি মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের শিকার তরুণী (২০) ঈদে নানা বাড়ি বেড়াতে আসেন। সেসময় অভিযুক্ত নাজিম উদ্দিনও সেখানে বেড়াতে আসে। ঘটনার দিন রাত ২টায় ওই তরুণীকে শয়নকক্ষে দেখতে না পেয়ে তার নানা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে টয়লেটের মেঝেতে মুখে ওড়না ঢুকানো এবং গলায় পেঁচানো অবস্থায় দেখতে পান। 

প্রাথমিকভাবে জানা যায়, অভিযুক্ত নাজিম মেয়েটিকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করেন। নানা আব্দুল হাকিম বিষয়টি দেখতে চিৎকার করলে অভিযুক্ত নাজিম নানা-নানিকে দা দিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।  পরে অভিযান চালিয়ে পুলিশ কক্সবাজারের রামু থানার কাদমার পাড়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে গত ১১ এপ্রিল রাতে নাজিমকে গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত