বিএনপির সঙ্গে বৈঠক

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত সিপিবি-বাসদ

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিপিবি বাসদের সিনিয়র নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক রুদ্ধদ্বার বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আজ রবিবার বনানীতে হোটেল সেরিনায় বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত বামদলের নেতাদের সঙ্গে প্রথম এ বৈঠক হয় বিএনপির। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বার্তা সংস্থা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠক শেষে বক্তব্য রেখেছেন, কমিউনিস্ট পার্টি উপদেষ্টা কাউন্সিল সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম, কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ।

এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি সহসাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বিএনপি লিয়াঁজো কমিটির নেতৃত্বে বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে আদায়ের লক্ষ্যে সর্বদলীয় ঐক্য তৈরির অংশ হিসেবে বাম দলের নেতাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করবে বিএনপি। এর অংশ হিসেবেই সিপিবি বাসদের নেতাদের সঙ্গে প্রথম বৈঠক করে দলটি।

এ বিষয় জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক ঐক্যের বিষয়ে মূলত প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের বিষয়ে তাদের পজিটিভ মনোভাব রয়েছে।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, এটা আনুষ্ঠানিক সে রকম কোনও বৈঠক না। অনানুষ্ঠানিক চা চক্র বলা যায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত