জাহাজে ওঠার সময় কর্ণফুলীতে পড়ে নাবিক নিখোঁজ

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ এএম

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছধরার জাহাজে ওঠার সময় পা পিছলে পড়ে এক নাবিক নিখোঁজ রয়েছেন। গত শনিবার রাত ১০টার দিকে কর্ণফুলীর দক্ষিণ তীরে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ১ নম্বর জেটিতে এ ঘটনা ঘটে। গতকাল রবিবার বিকেল ৪টা পর্যন্ত ওই নাবিকের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ওই নাবিকের নাম দুলাল মিয়া। তিনি নোয়াখালীর চরজব্বার থানার আবদুর রবের ছেলে। দুলাল ‘এফভি পারটেক্স-১’ নামে একটি মাছধরার জাহাজে কর্মরত।

নগরের সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ জানান, শনিবার রাত ১০টার দিকে বিএফডিসি ১ নম্বর জেটি থেকে এফভি পারটেক্স-১ জাহাজে ওঠার সময় অসাবধানতাবশত দুই জাহাজের ফাঁকে কর্ণফুলী নদীতে পড়ে যান ফিশ মাস্টার দুলাল মিয়া। রাতে খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের ডুবুরি, কোস্ট গার্ড ও সদরঘাট নৌ থানা পুলিশ সেখানে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। তবে গতকাল বিকেল পর্যন্ত ওই নাবিকের সন্ধান মেলেনি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত