গাজীপুরে দুই পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ বিক্ষোভ

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ এএম

গাজীপুরে বেতনভাতাসহ বিভিন্ন দাবিতে দুই পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে। এতে কারখানা দুটিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকরা বিভিন্ন দাবিতে গত দুদিন ধরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। তাদের সব দাবি পূরণ না হলে এই বিক্ষোভ ও কর্মবিরতি লাগাতার চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিকদের।

গতকাল রবিবার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি শুরু করে কারখানার ভেতরেই বিক্ষোভ করে শ্রমিকরা। কারখানার বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিল।

এ ছাড়াও শনিবার সকালে কর্মবিরতি শুরু করলে পরে কাজে যোগদান করে। পরে দুপুর ২টা থেকে আবারও একই দাবিতে কর্মবিরতি শুরু করেন তারা। বিকেল ৫টার সময় কারখানা ছুটি হয়ে গেলে শ্রমিকরা সবাই বাসায় চলে যায়। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কারখানা গেটে একটি নোটিস সাঁটিয়ে দেয়।

শ্রমিকদের দাবি, বিজিএমইএ কাঠামো অনুযায়ী বেতন কাঠামোর ১০০% গ্রেডিং করতে হবে, ঈদের ছুটিতে কোনো জেনারেল কাটানো যাবে না, বার্ষিক পিকনিকের আয়োজন করতে হবে। উপকার স্বজনপ্রীতি চলবে না, কারখানায় যোগদান অনুযায়ী ছুটির টাকা প্রদান করতে হবে, যে পাওনা রয়েছে তা চলতি মাসে পরিশোধ করতে হবে। এ ছাড়াও শ্রমিক ছাঁটাই বন্ধ করাসহ আরও কিছু দাবি জানিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছেন।

তুসুকা গ্রুপের পরিচালক মো. তারেক হাসান বলেন, শ্রমিকদের যে দাবি ছিল তা পুরোপুরি মেনে নিয়ে আমরা নোটিস দিয়ে দিয়েছি। রবিবার কারখানা খোলা রাখা হয়েছিল তবুও তারা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করছেন। আমরা কোনো শ্রমিক ছাঁটাই করি না এবং শ্রমিক আইন অনুযায়ী সবকিছুই করা হয়ে থাকে।

কোনাবাড়ী থানার ওসি সালাউদ্দিন আহমেদ জানান, কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করেছে। কারখানার সামনে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিল। তবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বকেয়া বেতন পরিশোধের দাবিতে ফু-ওয়াং শ্রমিকদের মানববন্ধন : অপর দিকে তিন মাসের বকেয়া বেতন পরিশোধ, ছাঁটাই করা কর্মকর্তাদের পুনর্বহাল, শ্রমিকদের পাওনাদি, প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধসহ ৯ দফা দাবিতে ফু-ওয়াং ফুডস্ লিমিটেড কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় দাবি আদায়ে দুপুরে কারখানার সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছে শ্রমিকরা। দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কারখানার প্রধান ফটকের সামনে প্রায় হাজারখানেক শ্রমিক এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত