অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৭:৩৯ এএম

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে গত ২০ এপ্রিল তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১-এর আওতাধীন ঠুলঠুলিয়া ও ডেমরা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে তিনটি শিল্প কারখানায় ও ২০টি আবাসিক বাসা-বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আর্থিক জরিমানা করা হয়েছে। অভিযানে ৪০০ ফুট পাইপ, ২০টি রেগুলেটর, দুটি কম্প্রেসার ও ২০টি লক উইং কর্ক অপসারণের পর জব্দ করা হয়েছে।

অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে শ্রাবণ ওয়াশিং কারখানা কর্র্তৃপক্ষকে ৮০ হাজার টাকা ও ব্রাদার্স ওয়াশিং কারখানা কর্র্তৃপক্ষকে ১ লাখসহ ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক তা আদায় করা হয়েছে।

একই দিনে গাজীপুর জেলা প্রশাসন নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে আঞ্চলিক বিক্রয় বিভাগ-সাভার, জোবিঅ-আশুলিয়ার আওতাধীন সুলতান মার্কেট, কাজী মার্কেট, হাজী আ. কাইয়ুম মার্কেট (মনি ফ্যাশন গেটসংলগ্ন), সারদাগঞ্জ, কাশিমপুর, গাজীপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য একটি অভিযান চালানো হয়েছে। অভিযানে দুই কিলোমিটার অবৈধ বিতরণ লাইনের এক হাজার অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ সময় ৩০০ মিটার পাইপ অপসারণ করে জব্দ করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত