বেরোবিতে স্নাতকে ভর্তি জালিয়াতি চক্রের ১ সদস্য আটক

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ পিএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভর্তির নাম করে অর্থ লেনদেন ও জাল নথিপত্র সরবরাহের দায়ে এক যুবককে আটক করেছে তাজহাট থানা পুলিশ। আটক যুবকের নাম মো. আব্দুল্লাহ আল মুক্তাদির। তিনি রাজশাহীর বোয়ালিয়ার সপুরা এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া থেকে প্রক্টরিয়াল টিম উক্ত ব্যক্তিকে আটক করেন। এ সময়, তার কাছ হতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জাল ‘অ্যাকনলেজমেন্ট স্লিপ’ স্টাম্পের সিল ও মোবাইল ফোন জব্দ করা হয়।

জানা যায়, বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী মাশরেফ আহসান ও তার পিতা মো. মোজাফফর রহমানের কাছ হতে প্রতারক মুক্তাদির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার নামে ৫০ হাজার টাকা নেয়। পাশাপাশি, সে আস্থা অর্জনে নিজের ফোন নম্বর ব্যবহার করে জগন্নাথ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ই-মেইল খুলে ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরু হওয়ার বিষয়ে মিথ্যা তথ্য দিতো। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক শিক্ষকের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলেও মেসেজ করার অভিযোগ করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) ভর্তির বিষয়ে চেষ্টা করতে মাশরেফ ও তার পিতাকে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসে মুক্তাদির। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এভাবে ভর্তি হওয়ার প্রক্রিয়া নিয়ে কিছু শিক্ষার্থী প্রশ্ন তুললে মাশরেফদের সঙ্গে মুক্তাদিরের বাগবিতণ্ডা হয়। পরে সে টাকা ফেরত দিতে চায়। এমতাবস্থায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে জানালে কর্তৃপক্ষ এসে মুক্তাদিরকে আটক করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। পরে সেখান হতে তাকে তাজহাট থানায় হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফারহানা ইমি জানান, আমরা ক্যাফেটেরিয়া বসেছিলাম। অনেকক্ষণ থেকে তাদের এধরনের কথা বলতে শুনি এবং বন্ধুদের কল করে জানাই। পরে প্রক্টরিয়াল বডির মেম্বাররা আসলে তাকে আটক করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, ‘ভর্তি জালিয়াতির অভিযোগে আমরা একজনকে আটক করেছি। তাকেসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে আমরা মামলা দায়ের করব। বিষয়টি এখনও প্রক্রিয়াধীন আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত