শুরু হচ্ছে মণিপুরীদের বিলুপ্তপ্রায় ‘লাই হরাউবা’

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৮:১১ পিএম

আগামী ২৩ থেকে ২৫ এপ্রিল তিন দিনব্যাপী মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ‘লাই হরাউবা’ অনুষ্ঠিত হবে। বাংলাদেশে বিলুপ্তপ্রায় এই উৎসবটি কমলগঞ্জ উপজেলার আদমপুরে মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশি মণিপুরিদের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য ‘লাই হরাউবা’কে সংরক্ষণ ও লালন-পালনে এগিয়ে এসেছে ইউনেস্কো, বাংলাদেশ জাতীয় জাদুঘর, আইজিসিসি, কনসোর্টিয়াম অব আইসিএইচ, বাংলাদেশ। এবার তাদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বিলুপ্তপ্রায় এ উৎসবটি। 

আয়োজকেরা জানান, লাই হরাউবা মণিপুরি জনগোষ্ঠীর অন্যতম প্রাচীন ও তাৎপর্যপূর্ণ উৎসব। এর আক্ষরিক অর্থ হলো ‘দেবতাদের আনন্দ উৎসব’। এটি সৃষ্টি, দিব্যসত্তা, বিশ্বতত্ত্ব এবং সম্প্রীতির এক গভীর উদযাপন, যা প্রকাশিত হয় অনন্য ধারাবাহিক আচার-অনুষ্ঠান, ঐতিহ্যবাহী সঙ্গীত, মন্ত্রপাঠ এবং স্বতন্ত্র নৃত্যশৈলীর মাধ্যমে। এবার উৎসবে ভারতের মনিপুর রাজ্যের নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করবেন।

লাই হরাউবা উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ইবুংহল সিংহ শ্যামল দেশ রূপান্তরকে বলেন, তিন দিনব্যাপী এই উৎসবে সকল শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি থাকবে। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। উৎসবে ইউনেস্কো বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহা পরিচালকসহ অনেকেই উপস্থিত থাকবেন। উৎসবটি আমাদের ঐতিহ্যবাহী রীতি ও প্রথা অনুযায়ী অনুষ্ঠিত হবে। এটি মণিপুরী সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয়ের প্রাণকেন্দ্র, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চারিত হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত