গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ নিয়ে মতবিনিময় 

সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারে গুম-খুনের বিচার: আইন উপদেষ্টা 

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ পিএম

গুম-খুন ও জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি আরও বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের বিচারের পাশাপাশি ভবিষ্যতে যেন এসব অপরাধ আর না হয় এ জন্য প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার করা হবে।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ এর খসরার ওপর মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মতবিনিময় সভাটি আয়োজন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। অন্তর্বতী সরকারের করা আইনগুলো পরবর্তী সরকার এসে বহাল রাখবে কিনা এমন সন্দেহ পোষণ করে তিনি বলেন, ‘এক/ এগারো সরকারের আমলেও অনেকগুলো ভালো আইন করা হয়েছিল। কিন্তু পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেগুলো আর রাখেনি।’

আসিফ নজরুল বলেন, ‘পরে যে সরকার আসবে, তারা কমপক্ষে এক হাজার মানুষের রক্তের ওপর দিয়ে গঠিত ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে আসবে। তাদের পেছনে থাকবে ৫০-৬০ হাজার মানুষের আহত হওয়ার স্মৃতি, লাখ লাখ মানুষের কান্না। এত বড় একটা লিগ্যাসির পর আমাদের পরবর্তী সরকার আমাদের এই সংস্কার ভুলে যাবে, এটা আমি কল্পনাও করতে চাই না।’ 

গুম হত্যার চেয়ে ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, ‘গুমের শিকার পরিবারের সদস্যরা ঠিকমতো তাদের জন্য দোয়াও করতে পারেন না। তারা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তা পরিবার জানে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের সরকারের যত অগ্রাধিকার রয়েছে, তার মধ্যে গুম, খুন, মানবতাবিরোধী অপরাধ, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের ইতিহাসে যে নৃশংসতম ঘটনাগুলো ঘটেছে, তার বিচার নিশ্চিত করা অন্যতম। সে জন্য আমরা বিভিন্ন আইন প্রণয়ন করছি।’

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম,  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট এহসানুল হক সমাজী, ব্লাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির, ‘মায়ের ডাক’র সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত