ফের সংঘর্ষে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ এএম

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এরই পরিপ্রেক্ষিতে আগামী দুদিন সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ আহত হয়েছেন।

সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবারক হোসেন বেলা ৩টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। আগামী দুদিন অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার সিটি কলেজ বন্ধ রাখা হবে বলে ঘোষণা করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষার্থীদের বাসায় ফিরে যাওয়ার

অনুরোধ জানান। তিনি বলেন, ‘সিটি কলেজের স্থাপনায় যে হামলা হয়েছে, শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে, সেটির অবশ্যই তদন্ত হওয়া উচিত। এ ঘটনাগুলোর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। মারামারি করে এসব সমস্যার সমাধান হবে না। এতে সিটি কলেজের স্থাপনার ক্ষতি হবে, শিক্ষার্থীদের ক্ষতি হবে এবং আশপাশের শান্তি-শৃঙ্খলা বিঘিœত হবে।’

দুই কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার কোনো কারণ জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক।

ঢাকা কলেজের শিক্ষার্থী আবুল কালাম বলেন, গতকাল (সোমবার) সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের মারধর করেছেন। এর জের ধরেই তারা আজ (গতকাল) প্রতিবাদ জানাচ্ছেন।’

সিটি কলেজের শিক্ষার্থীরা জানান, গতকাল (সোমবার) ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীদের দায়ী করা হচ্ছে। অথচ যারা ওই মারধরে জড়িত, তারা কেউই সিটি কলেজের শিক্ষার্থী নন। সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অতর্কিত হামলা করেন। তারপর থেকেই পাল্টাপাল্টি ধাওয়া চলছে।

এদিকে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারিতে আহত অন্তত ১০ জন চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। আহতরা হলেন ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুস সাকিব (১৮), সিয়াম (১৭), রাজীন (১৮), সাফাত (১৮), আবিদ (২২), নিলয় (২৫) ও তানভির ইসলাম তুহিদ (২৪) সিয়াম। সিটি কলেজের শামীম (১৮)। এ ছাড়া আহত হয়েছেন বাসযাত্রী সানি (৩২)।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহতদের সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কারও অবস্থা গুরুতর নয়।

এর আগে ১৫ এপ্রিল এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এমন ঘটনা প্রায়ই ঘটছে বলেও জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত