লক্ষ্মীপুরের রায়পুরে মনির হোসেন (৩৫) নামের এক শারীরিক প্রতিবন্ধীকে পিটিয়ে জখম করেছেন স্থানীয় ইউপি সদস্য। মঙ্গলবার বিকেলে উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার (২৩ এপ্রিল) ভুক্তভোগী আহত প্রতিবন্ধীর বোন খাতেজা বেগম বাদী হয়ে, ইউপি সদস্য আমিন পাটোয়ারীর বিরুদ্ধে রায়পুর থানায় লিখিত অভিযোগ করেন।
ঘটনায় পর আহত শারীরিক প্রতিবন্ধী মনির হোসেন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
আহত মনির বলেন, আমার দখলী একখণ্ড জমি জবরদখল করার চেষ্টা করে আসছে প্রতিপক্ষ বিল্লাল ও সিদ্দিক। মঙ্গলবার দুপুরে আমি এ ঘটনার বিচার চাইতে গেলে স্থানীয় ইউপি সদস্য আমিন পাটোয়ারী প্রতিপক্ষের পক্ষ হয়ে লাঠি দিয়ে আমার ওপর হামলা চালায় ও আমাকে হাতে-পায়ে বেধড়ক পিটিয়ে জখম করে।
মারধরের অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য আমির পাটোয়ারী বলেন, জমি নিয়ে চাচা ভাতিজার ঝামেলা মেটাতে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আমি কাউকে মারধর করিনি।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৩ শতাংশ
সিলেট টেস্টে কর্তব্যরত অবস্থায় নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু