মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতার ফাঁসির রায়

সাক্ষী বললেন চাকরির লোভে মিথ্যা বলেছি!

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। আর সেই সমাবেশে উপস্থিত হয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথা স্বীকার করেছেন ওই মামলার সাক্ষী। একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত হয় বিএনপির সাবেক উপজেলা সাধারণ সম্পাদক এসএম রুহুল আমিন মঞ্জু।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ধর্মপুর বাজারে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এসএম রুহুল আমিন মঞ্জুর মুক্তি ও ফরমায়েশি রায় প্রত্যাহার দাবিতে আয়োজিত সমাবেশে উপস্থিত হয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথা স্বীকার করেন রেজাউন্নবী হাসু।

এ সময় তিনি বলেন, আমার পরিবারের সদস্যদের সরকারি চাকরির দেওয়ার জন্য লোভ দেখানো হয়েছিল। আর পরিবারের কথা ভেবে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছি। আমার পরিবারের সদস্যরা সরকারি চাকরি ও অন্যান্য সুযোগ সুবিধা পাবো সেই আশায় এমন সাক্ষ্য দেই। আসলে লোভে পড়ে তার বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে মিথ্যা বলেছি।

রুহুল আমিন মঞ্জু মুক্তি সংগ্রাম পরিষদের আয়োজনে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজারে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে রুহুল আমিন মঞ্জুর পরিবারের সদস্য, এলাকাবাসী ও বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রুহুল আমিন মঞ্জু সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার ১৩ নং শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

রুহুল আমিন মঞ্জুর মেয়ে জিনাইত আলম মনিহার বলেন, আমার বাবার বিরুদ্ধে ফাঁসির রায় হওয়া মামলার সাক্ষীর কথা বক্তব্য আপনারা শুনেছেন। তিনি নিজেই স্বীকার করেন, আদালতে তিনি মিথ্যা সাক্ষী দিয়েছিলেন। তার (সাক্ষীর) পরিবারের লোকদের সরকারি চাকরির লোভ দেখানো হয়েছিল।

এ সময় তিনি আরও বলেন, আমার বাবার শেষ ইচ্ছা দেশের মাটিতে আসার। বাবা আপনাদের সেবা করেছেন দীর্ঘদিন। তার প্রতি ফ্যাসিস্ট সরকার অন্যায় করেছে। আপনারা সকলেই আমার পাশে থাকবেন। এতে ফরমায়েশি এই মিথ্যা রায় প্রত্যাহার না করা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির দেওয়ার হুশিয়ারি দেন তিনি।

রুহুল আমিন মঞ্জুর বন্ধু সাবেক পিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মুন্না বলেন, মঞ্জুর বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট, মানবতাবিরোধী মামলার ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। মামলাটি সুপ্রীম কোর্টের আপীল বিভাগের শুনানির অপেক্ষায় রয়েছে। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।

বিক্ষোভ ও মানববন্ধনে বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষ পর্যায়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এসময় রাস্তার উভয় পার্শ্বে যানজটের সৃষ্টি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত