ডিএমপি ট্রাফিক 

ঢাকার চার পয়েন্টে শিগগিরই পথচারী সিগন্যাল লাইট চালু

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১২:০১ পিএম

ঢাকার চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে শিগগিরই পথচারীদের জন্য সিগন্যাল লাইট চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার হোসেন।  

আজ বৃহস্পতিবার মিরপুর-২ এ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিপরীতে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ‘ডিআরএসপি’র আওতাধীন নিরাপদ পথচারী পারাপার পাইলট প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ‘ডিএমপি এবং সিটি কর্পোরেশনের সহায়তায় ঢাকা শহরের যত জেব্রা ক্রসিং রয়েছে, সেগুলোতে পর্যায়ক্রমে পথচারীদের জন্য এমন সিগন্যাল লাইট সিস্টেম চালু করা হবে।’  

অতিরিক্ত কমিশনার বলেন, ‘এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, যেখানে অর্থায়ন করছে আন্তর্জাতিক সংস্থা জাইকা। আপাতত পরীক্ষামূলকভাবে চালু করা হলেও ভবিষ্যতে এটিকে স্থায়ীভাবে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।’

তিনি আরও জানান, ‘এই পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে ২০ এপ্রিল এবং এটি চলবে আগামী ৮ মে পর্যন্ত। রিসোর্স ম্যানেজমেন্ট সাপেক্ষে আরও অনেক স্থানে একই ধরনের সিগন্যাল লাইট প্রকল্প চালু করা হবে।’

প্রকল্পের বৈশিষ্ট্য তুলে ধরে তিনি বলেন, ‘সাধারণত এক মিনিটে সড়কের দুই পাশে ২০০টি গাড়ি পার হতে পারে। এই সময় একজন পথচারী পার হতে গেলে পুরো ফ্লো থেমে যায়। উন্নত দেশের মতো আমাদের পরিকল্পনা, পথচারীরা ফুটপাতে কয়েক সেকেন্ড বা মিনিট অপেক্ষা করবেন এবং নির্ধারিত সময়ে রাস্তা পার হবেন। তখন গাড়িগুলো বন্ধ থাকবে, পরে আবার চলাচল করবে। এতে যান চলাচল বিঘ্নিত হবে না, আবার পথচারীরাও নিরাপদে পার হতে পারবেন।’

তিনি বলেন, ‘এই প্রকল্পের মাধ্যমে একদিকে পথচারীরা দুর্ঘটনার হাত থেকে বাঁচবে, অন্যদিকে যান চলাচলও হবে নিয়ন্ত্রিত ও ধারাবাহিক। ফলে ঢাকার সড়ক নিরাপত্তা প্রকল্প বাস্তবায়িত হবে।’

এ সময় তিনি ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সবার উচিত এই সিগন্যাল লাইট মেনে চলা। এতে সকলের যাতায়াত সহজ ও নিরাপদ হবে।’

এক প্রশ্নের উত্তরে তিনি জানান, প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সংস্থা কাজ করছে। এরইমধ্যে ঢাকা শহরের ২২টি সিগনালে দুই সিটি করপোরেশন এবং বুয়েটের সহায়তায় সিগন্যাল লাইট স্থাপন করা হচ্ছে। এসব সিগনালে গাড়ি চলাচলের পাশাপাশি পথচারীদের জন্যও সিগন্যাল থাকবে।

তিনি আরও বলেন, ‘ফার্মগেট, সোনারগাঁও ক্রসিং, বাংলামোটর ও শেরাটন ক্রসিং—এই চারটি স্থানে শিগগিরই সিগন্যাল লাইট চালু করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত