নাটোরের নলডাঙ্গা উপজেলায় ইসরাফিল নামে এক যুবকের দুই হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার খাজুরা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ইসরাফিল সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকায় তার মায়ের সঙ্গে থাকতেন। এবং তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক বছর আগে নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকার তাইজুল ইসলামের সঙ্গে ইসরাফিলের মায়ের দ্বিতীয় বিয়ে হয়। এরপর থেকে ইসরাফিল সেখানেই মায়ের সঙ্গে বসবাস করে আসছিলেন। সৎ বাবার সঙ্গে ইসরাফিল রাজমিস্ত্রির কাজ করতেন। বৃহস্পতিবার সকালে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের কাজীপাড়া গ্রামে হঠাৎ ইসরাফিলের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। এসময় স্থানীয়রা তাকে দুই হাতের কবজি বিচ্ছিন্ন অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেলে ভর্তি আছেন। পুলিশ গুরুত্বের সঙ্গে এ ঘটনার তদন্ত করছে।
