৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ আসবে না: এ্যানী

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ৩১ দফার সঙ্গে বর্তমান সরকারের সংস্কার নিয়ে অনেক কিছুরই মিল রয়েছে। এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে কখনো ফ্যাসিবাদ আসতে পারবে না।

বৃহস্পতিবার সকালে ইএসডিওর জয়নাল আবেদীন মিলনায়তনে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব একথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, সবাইকে এক করে আমরা যদি আমাদের লক্ষ্যে যেতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদ কখনো শাসন করতে পারবে না। আমাদেরকে একটু সজাগ হতে হবে, একটু সচেতন হতে হবে, দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, এই বাংলাদেশে একটা স্বাভাবিক রাজনীতি, সমাজব্যবস্থা ও একটি নতুন সুশাসনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটি সম্প্রতি এমনভাবে নিয়ে আসতে হবে,  যেখানে পুরো জাতীকে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যেতে পারি। কারণ বিএনপির টার্গেট একটা সুন্দর বাংলাদেশ। আগামীর বাংলাদেশটা যেন এই প্রজন্মের জন্য সুন্দর হয়।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীদের সভাপতিত্বে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন কেন্দ্রীয় নেতাকর্মীরা। কর্মশালার ২য় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রশিক্ষণ কর্মশালার শেষ প্রান্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।

প্রশিক্ষণ কর্মশালায় জেলার পাঁচটি উপজেলা ও ৫২টি ইউনিয়নের ৫১০ জন নেতাকর্মী অংশ নেন। এর আগের দিন বুধবার রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার উত্তরের জেলা ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

২০০১ সালে রংপুর বিভাগের সর্ব উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রথম তৃণমূল কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত