নিজের তৈরি প্যারাগ্লাইডার নিয়ে আকাশে উড়েন মারুফ

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৮:২১ এএম

ফরিদপুরের সদরপুর উপজেলার খেজুরতলা গ্রামের এক যুবক মারুফ মোল্লা প্যারাগ্লাইডার তৈরি করে আকাশে উড়ে তাক লাগিয়ে দিয়েছেন পুরো এলাকাকে। চরবিষ্ণুপুর ইউনিয়নের এই তরুণের আকাশছোঁয়ার স্বপ্ন ছিল শৈশব থেকেই। ছোটবেলাতেই মনের গহীনে বুনে নিয়েছিলেন পাখির মতো আকাশে উড়ার কল্পনা। কিন্তু আর্থিক সীমাবদ্ধতা ছিল তার সেই স্বপ্নপূরণের পথে সবচেয়ে বড় বাধা। তবুও থেমে থাকেননি মারুফ।

নিজের জেদের বশেই একসময় সিদ্ধান্ত নেন, নিজেই তৈরি করবেন উড়ার জন্য যন্ত্র। ইন্টারনেট ঘেঁটে প্যারাগ্লাইডার সম্পর্কে ধারণা নেন। প্রাথমিকভাবে রিমোট কন্ট্রোল প্রটোটাইপ প্যারামোটর তৈরি করেন, তবে তা সফল হয়নি। পরে আরও এক ধাপ এগিয়ে যান। তৈরি করেন একটি মানুষবাহী প্যারাগ্লাইডার। প্রথমদিকে কিছুটা ভারসাম্য রাখতে সমস্যা হলেও ধীরে ধীরে তিনি সফল হন। অবশেষে পূরণ হয় তার বহুদিনের স্বপ্ন—তিনি সত্যি সত্যিই উড়লেন আকাশে।

এখন প্রায়ই তাকে দেখা যায় নিজ হাতে তৈরি প্যারাগ্লাইডার নিয়ে আকাশে উড়তে। আর এই দৃশ্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করেন শত শত উৎসুক মানুষ। গ্রামের মাঠ, আকাশ আর মানুষের চোখে তখন শুধুই বিস্ময় আর প্রশংসা। এভাবেই তার অদম্য চেষ্টা আর ইচ্ছাশক্তির গল্প ছড়িয়ে পড়ে চারপাশে।

বর্তমানে এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন মারুফ মোল্লা। তার উদ্যম আর আত্মবিশ্বাসে মুগ্ধ স্থানীয় বাসিন্দারা থেকে শুরু করে বাইরের হাজারো মানুষও। মারুফ বলেন, যদি সরকার বা উদ্যোক্তাদের পক্ষ থেকে সহযোগিতা মেলে, তাহলে ভবিষ্যতে আরও নতুন নতুন উদ্ভাবনী যন্ত্র তৈরি করে দেশকে চমকে দিতে চান তিনি।

আকাশে উড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে মারুফ মোল্লা হয়ে উঠেছেন অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত