‘আ. লীগকে নিষিদ্ধের দাবি তুললে সরকার পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়’

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ পিএম

সংস্কার ও নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। আজ শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর শাহবাগে ‘শহীদি সমাবেশে’ জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যরা এসব দাবি জানান।

‘জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে’ এ সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আমরা যখনই সরকারের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি, তারা আমাদের পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়। কিন্তু যখন শাপলা চত্বর, পিলখানা এবং জুলাইয়ে হাজারো মানুষকে হত্যা করা হয়েছিল, তখন পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল।

এ সময় রাজনৈতিক দলের উদ্দেশে সারজিস বলেন, এই জেনারেশনকে ভয় করুন। যদি এই জেনারেশনের রক্তের ওপর দাঁড়িয়ে আবেগ নিয়ে খেলা করেন, তাহলে এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে পারে।

সমাবেশে শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি আপ-বাংলাদেশের সংগঠক আলী আহসান জুনায়েদ, আমার বাংলাদেশ-এবি পার্টির সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত