লাশ পোড়ানো মামলা

তদন্ত সংস্থার হাতে হত্যার ভিডিও, শনাক্ত ২ আসামি 

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০২:২৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর মামলায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম। সোমবার (২৮ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় ঘটে এক নারকীয় হত্যাকাণ্ড। ৬ জনের নিথর দেহ গাড়িতে উঠিয়ে আগুনের লেলিহান শিখায় পুড়িয়ে দেয় পুলিশ। 

তদন্ত সংস্থা জানায়, তখনও একজন জীবিত ছিলেন। আগুনেই তাকে পুড়িয়ে নিশ্চিত করা হয় মৃত্যু। সেই বিভীষিকাময় দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, কেঁপে ওঠে পুরো দেশ।

এই বহুল আলোচিত মামলার তদন্ত যখন শেষের পথে, ঠিক তখনই আসে আরেকটি বিস্ফোরক ভিডিও। যেখানে ধরা পড়ে লাশ পোড়ানোর আগে গুলি করে হত্যার নির্মম চিত্র। 

অ্যাডভোকেট মিজানুল ইসলাম জানান, দুজন হত্যাকারীকে শনাক্ত করা গেছে। বাকিদের শনাক্তের চেষ্টা চলছে।

 তিনি আরও জানান, নতুন করে শনাক্ত হওয়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হবে। আশুলিয়ার এ মামলায় তদন্ত রিপোর্ট জমা দেওয়ার দিন ঠিক হয়েছে ২৫ মে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত