বৃষ্টি কি খেলবে আবাহনী মোহামেডানকে নিয়ে

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১২:৪৫ এএম

গতকাল ঢাকা শহরে থেমে থেমে বৃষ্টি হয়েছে পুরোটা দুপুর। কিন্তু শেষ বিকেলে মিরপুরের আকাশ হয়ে উঠেছে লাবণ্যময়ী। ছাইরঙা মেঘভর্তি আকাশটিতে হলুদাভ আলোর ছায়া, ওর ফাঁকেই ধরা দিচ্ছে আসমানি রঙটি। একপর্যায়ে হঠাৎ মনে হতে পারে আজকের অলিখিত ফাইনালের জন্যই কি এমন সাজসজ্জা শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ওপরে ছেয়ে থাকা আকাশটির। যেখানে নীল আকাশের হলুদাভ কিরণ সমর্থন জোগাচ্ছে আবাহনীকে। আর সাদার ওপর ছাইরঙা মেঘগুলো মোহামেডানকে। শেষ হাসি কারা হাসবেন সেটি আজ বিকেল নাগাদ ফয়সালা হয়ে যাবে। কিন্তু যে রঙেই আকাশ সাজুক না কেন? সব ধুয়ে নিয়ে যেতে পারে বৃষ্টি। তাতে ক্রিকেটপাগল বাঙালি অঘোষিত ফাইনালে আবাহনী-মোহামেডানের মাঠের খেলার উত্তাপ থেকে বঞ্চিত হলেও শিরোপার হ্যাটট্রিক পূরণ হয়ে যাবে আবাহনীর। মোহামেডানের জন্য সুখবর বৃষ্টি যে হবেই, আবহাওয়া পূর্বাভাস জোর দিয়ে সে কথা বলছে না।

এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের রবিন লিগের শেষ রাউন্ডে মুখোমুখি হয়েছিল দুই দল। উত্তাপ ছড়ানো সেই ম্যাচে মোহামেডান জিতেছিল ৩৯ রানের ব্যবধানে। ম্যাচ জিতলেও আচরণ সামাল দিতে পারেননি তামিম ইকবালের অনুপস্থিতিতে মোহামেডান অধিনায়ক হওয়া তাওহীদ হৃদয়। এক ম্যাচে থেকেই পান ৭টি ডিমেরিট পয়েন্ট। হৃদয়ের শাস্তি থাকবে না উঠে যাবে এই দীর্ঘ জলঘোলা অধ্যায় সমাপ্তের পর গাজী গ্রুপের বিপক্ষে সবশেষ ম্যাচেই আবার অঘটন ঘটান তিনি। ফলস্বরূপ আরও এক ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় চার ম্যাচ নিষিদ্ধ হয়ে আবাহনীর মুখোমুখি হওয়া হচ্ছে না এ তারকা ক্রিকেটারের। তার অবর্তমানে নেতৃত্ব দিয়েছিলেন রনি তালুকদার। আজকে তাকেই দেখা যেতে পারে মাঠ সামলাতে। ওয়ানডে ফরম্যাটে দেশের সর্বোচ্চ প্রতিযোগিতায় শিরোপা খরা কাটানোর সুবর্ণ সুযোগ সাদা-কালোদের সামনে। ১৯৭৩-৭৪ মৌসুম থেকে চলমান হলেও ডিপিএল লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা পায় ২০১৩-১৪ মৌসুম থেকে। আগের পর্যায়ে ৯টি শিরোপা ঘরে থাকলেও, এরপর আর একবারও ডিপিএল জিততে পারেনি মতিঝিলের ক্লাবটি।

অন্যদিকে আবাহনী ডিপিএলের সবচেয়ে সফলতম ক্লাব। প্রথম ধাপে ১৭টির সঙ্গে নতুন ধাপে আরও ৫টি, মোট ২২টি ডিপিএল শিরোপা ঘরে তুলেছে তারা। গত দুই আসরের টানা চ্যাম্পিয়নও ধানমণ্ডির ক্লাবটি। এবারও তারা ফেভারিট। মোহামেডানের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থাকায়, আজ ম্যাচের ফয়সালা না হলেও শিরোপা যাবে ধানমণ্ডিতে। ডিপিএলে নেই কোনো রিজার্ভ ডে। তাই আজই মীমাংসা হবে এবারের চ্যাম্পিয়ন কারা হচ্ছে। জাতীয় দলের নির্বাচকের পদ ছেড়ে দিয়ে আবাহনীর হাল ধরেছিলেন হান্নান সরকার। আগের দুই মৌসুম আবাহনীকে শিরোপা এনে দিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। তার জায়গায় এসেই লিভারপুলের আর্না সøটের মতো কীর্তি গড়ার সুযোগ হান্নানের সামনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত