ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১২:১৩ পিএম

রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতিনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মেহেদী হাসান জানান, খালি রিকশা চালিয়ে ফকিরাপুল মোড় দিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় একটি প্রাইভেটকার তার রিকশাটিতে ধাক্কা দেয়। তিনি ছিটকে রাস্তায় পড়লে তার শরীরের উপর দিয়েই প্রাইভেটকারটি চলে যায়। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের সঙ্গে থাকা  মোবাইল ফোনের মাধ্যমে তার স্বজনদের সাথে যোগাযোগ করে জানা যায়, তার বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। বর্তমানে খিলগাঁও বৌদ্ধমন্দির এলাকায় থাকতেন। ভাড়ায় রিকশা চালাতেন তিনি।

চিকিৎসকে বরাত দিয়ে তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত