হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা

আপডেট : ০১ মে ২০২৫, ১২:৪০ এএম

বৈরি আবহাওয়ার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় সরবরাহ হ্রাসের অজুহাতে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা করে। হঠাৎ করে কাঁচা মরিচের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ জন। আবহাওয়া ভালো হলে সরবরাহ বাড়লে দাম কমে আসবে দাবি বিক্রেতাদের।

সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিটি সবজি বিক্রেতার দোকানেই কাঁচা মরিচের ভালো সরবরাহ রয়েছে। প্রতিটি দোকানে দুই ধরনের কাঁচা মরিচ লক্ষ্য করা গেছে। সরবরাহ ভালো থাকলেও দাম ঊর্ধ্বমুখী। একসপ্তাহ আগে প্রতিকেজি কাঁচা মরিচ ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা হায়দার আলী বলেন, বেশ কিছুদিন ধরেই কাঁচা মরিচের দাম নিম্নমুখী ছিল। এমনকি গত সপ্তাহে আমরা কাঁচা মরিচ কিনেছি ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে। কিন্তু সেই কাঁচা মরিচের দাম বেড়ে ৫০ থেকে ৬০ টাকা হয়ে গেছে। বিক্রেতারা বলছেন, ঝড়-বৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় সরবরাহ কম। যে কারণে দাম বাড়তি।

হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, গত কয়েক দিন ধরে বৈরি আবহাওয়া বিশেষ করে অতিরিক্ত গরমের কারণে কাঁচা মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হওয়ার কারণে গাছের ক্ষতির সঙ্গে সঙ্গে কৃষকরা ক্ষেত থেকে তাদের কাঁচা মরিচ তুলতে পারছেন না। যার ফলে চাহিদার তুলনায় বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত