পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ ভারতের, হামলার আশঙ্কায় সতর্কতা জারি

আপডেট : ০১ মে ২০২৫, ০৯:১২ এএম

কাশ্মীরের পেহেলগামে রক্তক্ষয়ী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ ক্রমাগত ঊর্ধ্বমুখী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে ভারতের চারটি রাফাল যুদ্ধবিমানকে হটিয়ে দেওয়ার দাবি করেছে ইসলামাবাদ। 

গত মঙ্গলবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তান। পাশাপাশি, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কা প্রকাশ করে উচ্চ সতর্কতা জারি করেছে দেশটি। এর জবাবে ভারত বুধবার পাকিস্তানের জন্য নিজ আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।

গতকাল বুধবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, তাঁর দেশ আগ বাড়িয়ে কোনো উসকানিমূলক পদক্ষেপ নেবে না, তবে উসকানি এলে কড়া জবাব দেওয়া হবে। তিনি একই বার্তা আগের দিন সিনেটেও দিয়েছিলেন।

এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান। তাঁরা অভিযোগ করেন, ভারত পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে।

২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ এনেছে নয়াদিল্লি। সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক বলেও দাবি ভারতের। তবে ইসলামাবাদ এসব অভিযোগ সাফ অস্বীকার করেছে। সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, হামলার স্থান ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের গভীরে অবস্থিত, যা পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বাঘ শহর থেকেও অনেক দূরে। তাঁর ভাষায়, ‘ভারতের অভিযোগ ভিত্তিহীন।’

পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘পেহেলগামের ঘটনার অজুহাতে ভারত যে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে, তা গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য ভয়াবহ হুমকি।’

পাকিস্তানি সংবাদমাধ্যম পিটিভি নিউজ ও রেডিও পাকিস্তানের তথ্য অনুযায়ী, ২৯ ও ৩০ এপ্রিল মধ্যরাতে ভারতের চারটি রাফাল যুদ্ধবিমান এলওসি সংলগ্ন আকাশসীমায় টহল দিচ্ছিল। পাকিস্তান বিমানবাহিনী (পিএএফ) তা শনাক্ত করে পাল্টা ব্যবস্থা নেওয়ায় সেগুলো পিছু হটতে বাধ্য হয়। যদিও সরকারিভাবে বিষয়টি নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

রাফাল হলো ফ্রান্সের তৈরি চতুর্থ প্রজন্মের আধুনিক যুদ্ধবিমান। ভারতের কাছে বর্তমানে ৩৬টি রাফাল রয়েছে এবং আরও ২৬টি কেনার জন্য নতুন চুক্তি করেছে দেশটি। এই পরিস্থিতিতে পাকিস্তান বিমান চলাচল কর্তৃপক্ষ আকাশসীমা দিয়ে চলাচলকারী দেশি-বিদেশি সব ফ্লাইটের ওপর নজরদারি বাড়িয়েছে বলে জানিয়েছে এক্সপ্রেস নিউজ।

নিরাপত্তাজনিত কারণে গিলগিট ও স্কার্দু শহরের মধ্যে নির্ধারিত সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে। লাহোরসহ দেশের প্রধান বিমানবন্দরগুলোতে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

গত মঙ্গলবার রাত দুইটার দিকে একটি টেলিভিশন বিবৃতিতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, ভারতের হামলার পরিকল্পনার বিষয়ে তাদের হাতে ‘বিশ্বস্ত গোয়েন্দা তথ্য’ রয়েছে। তিনি বলেন, ‘পেহেলগামের ঘটনাকে অজুহাত করে ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।’

এর আগে মঙ্গলবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক উচ্চপর্যায়ের বৈঠকে পেহেলগাম হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে ‘সম্পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন। একই দিন তিনি সিসিএস, সিসিইএ ও সিসিপিএ– তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা কমিটির সদস্যদের সঙ্গেও বৈঠক করেন।

পেহেলগাম হামলার প্রেক্ষাপটে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডে (এনএসএবি) বড় রদবদল এসেছে। সাত বছর পর পুনর্গঠিত এই বোর্ডের শীর্ষে বসানো হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান অলোক যোশিকে, যিনি ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত সংস্থাটির নেতৃত্বে ছিলেন।

দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ব্যবস্থা হিসেবে ভিসা বাতিল, সিন্ধু পানিচুক্তি স্থগিত এবং সীমান্তে নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটছে। মঙ্গলবার রাতেও নিয়ন্ত্রণরেখায় গুলিবিনিময় হয়েছে বলে ভারতের দাবি। টানা ছয়দিন ধরে সীমান্তে এমন পরিস্থিতি বিরাজ করছে।

উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলও উদ্বিগ্ন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। উভয় পক্ষকে সংযত আচরণের আহ্বান জানিয়েছেন তিনি। একই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত