নির্বাচন নিয়ে মানুষের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে : ফারুক

আপডেট : ০৩ মে ২০২৫, ০৭:৪৩ এএম

নির্বাচন নিয়ে মানুষের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘অন্তর্র্বতী সরকারের কিছু কিছু পদক্ষেপে জনগণ হতাশ হয়ে পড়েছে।’ গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণজাগরণ দলের উদ্যোগে ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলা ৬০ লাখ আসামির মুক্তি কত দূর ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, ‘জনগণ এখন চায়ের দোকানে বসে জিজ্ঞাসা করে উনি কি ক্ষমতায় বসে থাকার জন্য এসেছেন? কারণ ওই জনগণ তো বিগত ১৬ বছরে ভোট দিতে পারেনি। আমরা এ সরকারের কাছে আশা করেছিলাম তারা যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দেবে যাতে করে আমার ভোট আমি দেব, নিজে কেন্দ্রে গিয়ে যোগ্য ব্যক্তিকে ভোট দেব।’

অন্তর্র্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের প্রথম কাজ হওয়া উচিত ছিল বিগত ১৫ বছরে হাসিনা যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন সেই মিথ্যা মামলাগুলো দ্রুত প্রত্যাহার করে নেওয়া। দ্বিতীয় কাজ ছিল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে রেখে জনগণের সেবা করা। এরপর ন্যূনতম সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু আপনারা এখন পর্যন্ত এটি করতে পুরোপুরি সফল হননি বরং ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমরা মৃত ব্যক্তির ভোটে ক্ষমতায় যেতে চাই না আমরা রাতের ভোটে ক্ষমতায় যেতে চাই না, আমরা দিনের ভোট দিনে চাই, রাতে নয়।’

সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আওয়ামী লীগ বিচার বিভাগকে ধ্বংস করে দিয়ে গেছে। পুলিশকে দলীয় পেটুয়া  বাহিনীতে পরিণত করেছিল। কিন্তু এখনো অন্তর্র্বর্তী সরকারের আশপাশে সেই আওয়ামী লীগের দোসরদের দেখা যায়। তাদের এখনো সরাতে ব্যর্থ হয়েছে অন্তর্র্বর্তী সরকার। এদের সরাতে হবে কারণ এরা অন্তর্র্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য এখনো নানাভাবে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত