ভিডিও করার সময় ধরে নিয়ে যাওয়া দুই তরুণকে ফেরত দিল বিএসএফ

আপডেট : ০৩ মে ২০২৫, ০৮:৪৮ এএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্তে টিকটক ভিডিও করার সময় ধরে নিয়ে যাওয়া দুই তরুণকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তাদের ফেরত দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ফেরত আসা তরুণরা হলেন- বগুড়া মহাস্থানগড় বকুল ইউনিয়নের সাইফুল ইসলামের ছেলে মো. সাজেদুল ইসলাম (২২) ও পাটগ্রাম উপজেলার রহমতপুর গাটয়ারভিটা এলাকার মোস্তাফিজ মিয়ার ছেলে এসএসসি পরীক্ষার্থী মো. মাহফুজ ইসলাম ইমন (১৬)। মাহফুজ ও সাইফুল সম্পর্কে মামা-ভাগিনা। সাইফুল মাহফুজদের বাড়িতে বেড়াতে এসেছিল।

বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পতাকা বৈঠকের মাধ্যমে ৮ ঘণ্টা পর শুক্রবার রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম রিমন ও তার মামা সাজেদুল ইসলামকে ফেরত দেয় বিএসএফ।

এর আগে শুক্রবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তবর্তী ধবলসূতি বিওপি এলাকার ভারতীয় চা বাগানের ভেতর থেকে বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

জানা যায়, সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ ও ভিডিও ধারণের অভিযোগে বিএসএফ তাদের আটক করে। ঘটনার খবর পেয়ে বিজিবির তিস্তা ব্যাটালিয়নের সদস্যরা বিএসএফের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করেন। রংপুর সেক্টর কমান্ডারের মাধ্যমে বিএসএফের জলপাইগুড়ি সেক্টর কমান্ডারের সঙ্গে আলোচনা হলে দুই বাংলাদেশিকে ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত