মারা গেছেন মহান মুক্তিযুদ্ধে ‘ক্র্যাক প্লাটুন’-এর গুরুত্বপূর্ণ সদস্য মাহবুব আহমেদ শহীদ (বীর প্রতীক)। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
তিনি গত তিন মাস ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
মাহবুব আহমেদ শহীদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেক্টর ২-এর অধীন ঢাকার বিশেষ গেরিলা বাহিনী ‘ক্র্যাক প্লাটুন’-এর একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ‘মাওলানা শহীদ গ্রুপ’-এর সেকেন্ড ইন-কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে তার অসামান্য সাহস, দেশপ্রেম ও নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ তাকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করা হয়। স্বাধীনতার ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
পেশাগত জীবনে তিনি দীর্ঘদিন ধরে ইন্ডেন্টিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ট্যালেন্ট ইন্টারন্যাশনাল সার্ভিসের মালিক ছিলেন।
সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন। সর্বশেষ তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, জেলা ৩১৫ A1-এর ক্যাবিনেট সেক্রেটারি ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার এশার নামাজের পর বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লক মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ ফজরের নামাজের পর নয়াপল্টন জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ আজিমপুর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদানের মাধ্যমে দাফন করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।
