সিরাজদিখানে ‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ সংবাদ সম্মেলনের অভিযাগ

আপডেট : ০৪ মে ২০২৫, ১০:২৭ এএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রতিপক্ষকে ফাঁসাতে সংবাদ সম্মেলন করার অভিযোগ উঠেছে মো. সুমন ভূঁইয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার বেলা ১১টায় সিরাজদিখান প্রেস ক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সুমন ভূঁইয়া উপজেলার কেয়াইন ইউনিয়নের আব্দুর রব ভূঁইয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে এলাকাবাসী যেই মিছিল করেছে সেটা ছিল সম্পূর্ণ মিথ্যা। আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে দূরে রাখার জন্য বিভিন্ন লোক দিয়ে এই অপপ্রচার চালাচ্ছে।’  

কেয়াইন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া অভিযোগ করেন, ‘সুমন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তিনি তার প্রথম স্ত্রীকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে মেরে ফেলেন। এছাড়া এক নারীকে ধর্ষণ করে সেই মামলায় দেশ থেকে পালিয়ে যান। এ সমস্ত কর্মকাণ্ডের জন্য তাকে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক থেকে বহিষ্কার করা হয়।’  

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর দেশে এসে এলাকায় আধিপত্য বিস্তার করতে বিভিন্ন জায়গা দখলসহ মানুষকে হুমকি দিতে থাকেন সুমন। শুক্রবার তিনি নিজের মত করে মসজিদ কমিটি ঘোষণা দেওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর তোপের মুখে তা প্রতিহত হয়। পরে এলাকাবাসী এই ধর্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। সেই মিছিল কেন্দ্র করে আমাদের ফাঁসাতে তিনি আজ সংবাদ সম্মেলন করেছেন।’

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম বলেন, ‘সুমন ভূঁইয়া এলাকার মসজিদসহ বিভিন্ন সামাজিক সংগঠন দখলে নেয়ার পাঁয়তারা চালাচ্ছে। আমরা এলাকাবাসী একত্রিত থাকায় তিনি বার বার ব্যর্থ হয়ে এখন আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তসহ ব্যবস্থা নেওয়া অনুরোধ জানাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত