চট্টগ্রামে একদিন পুরো দেশের মধ্যে সবচেয়ে বড় ক্যানসার হাসপাতাল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কারও যদি ক্যানসার হয়, তাহলে এটা পরিবারের সব মানুষকে ধ্বংস করে দেয়। আর্থিকভাবে ধ্বংস করে দেয় এবং পরিবারের সুখ বলতে আর কিছু থাকে না।
তিনি গতকাল শনিবার দুপুরে নগরীর আগ্রাবাদ চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের অঙ্গ প্রতিষ্ঠান ক্যানসার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের মালেকা খাতুন অনকোলজি ওয়ার্ডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সময়মতো চিকিৎসা নিলে ক্যানসার সারানোর উপায় আছে জানিয়ে আমীর খসরু বলেন, ‘এখন সুবিধা হয়েছে যে, আগে মানুষের ক্যানসার হলে চিকিৎসা ছিল না। কিন্তু এখন সময়মতো যদি চিকিৎসা নেওয়া যায়, তাহলে রোগ কিছুটা সারানো সম্ভব।’
