মাদারীপুরের শিবচরে নিখোঁজের দুই দিন পর জান্নাতুল আক্তার (১৪) নামে এক মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ মে) সকাল ৭ টার দিকে উপজেলার নিলখী ইউনিয়নের কলাতলা বেড়িবাঁধ এলাকায় আড়িয়াল খাঁ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জান্নাতুন আক্তার উমেদপুর ইউনিয়নের চরকাঁচিকাটা গ্রামের প্রবাসী রনি ফকিরের মেয়ে। সে স্থানীয় বাইতুল কারীম মহিলা মাদরাসা হেফজ বিভাগের ছাত্রী ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩ মে) দুপুরে উপজেলা চরশ্যামাইল এলাকায় ফুপু বাড়ি থেকে ফুপাতো বোন মেঘলাকে সাথে নিয়ে পাশের আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে যায় জান্নাতুল। সাঁতার না জানায় নদের পাড়েই পানিতে নেমে গোসল করছিল তারা। গোসল করার সময় ঢেউয়ের স্রোতে ভেতরে চলে যায় দুজন। এসময় মেঘলা তীরে উঠতে পারলেও স্রোতের টানে জান্নাতুল পানিতে তলিয়ে যায়। এতে ভয় পেয়ে মেঘলা বাড়ি গিয়ে খবর দিলে আশেপাশের লোকজন এসে খোঁজাখুজি শুরু করে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরীদল ঘটনাস্থলে এসে উদ্ধারে নামে। গতকাল সারাদিন ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও পরিবারের লোকজন সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যায়নি। আজ সকালে পরিবারের লোকজন নিলখী ইউনিয়ন কলাতলা বেড়িবাঁধ এলাকায় আড়িয়াল খাঁ নদীতে লাশ ভাসমান অবস্থায় দেখতে পেলে মরদেহটি উদ্ধার করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, আড়িয়াল খাঁ নদে নিখোঁজের দুই দিন পর আজ সকালে মরদেহটি উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে পুলিশ,ফায়ার সার্ভিস অনেক খোঁজাখুঁজি করছিলো। এটি একটি মর্মান্তিক ঘটনা।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তারেক রহমানের শোক
কর্মবিরতিতে যাচ্ছেন পৌনে ৪ লাখ শিক্ষক