বুধবার ফেরত যাবে মিয়ানমার সেনা, বিজিপিসহ ৩৪ নাগরিক

আপডেট : ০৫ মে ২০২৫, ০৯:২৬ পিএম

মিয়ানমারের রাখাইনে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বিজিপিসহ ৩৪ জন নাগরিককে ফেরত পাঠানো হচ্ছে বুধবার। ওইদিন কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের বিশেষ বিমান যোগে তাদের ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন, বিজিবি ও বিমান বন্দর কর্তৃপক্ষ।

বিজিবির কক্সবাজার রিজিয়নের অধিনায়ক বিগ্রেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান সোমবার রাত সাড়ে ৮ টার দিকে জানান,  রাখাইন রাজ্যে সংঘাতের জের ধরে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বিভিন্ন সময় পালিয়ে ৩৪ জন বিজিপি ও সেনা সহ সাধারণ নাগরিক আশ্রয় নিয়ে ছিল। তারা বিজিবির হেফাজতে রয়েছে। তাদের নিতে বুধবার মিয়ানমারের একটি বিমান কক্সবাজার বিমানবন্দরে আসবে। সেখানেই তাদের হস্তান্তর প্রক্রিয়া করা হবে বলে জানান তিনি।

কবক্সবাজার বিমান বন্দরের পরিচালক মো. গোলাম মর্তুজা হোসান বলেন- বুধবার ফেরত যাবেন মিয়ানমারের ৩৪ জন নাগরিক। তাদের নিতে মিয়ানমারের একটি বিশেষ বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। যেহেতু কক্সবাজারে বর্হিবিশ্বের সঙ্গে যাত্রী গমনাগমনের ব্যবস্থা নেই। তাই মিয়ানমারের এসব নাগরিকদের ফেরত পাঠাতে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে।

এই ব্যবস্থার আলোকে সংশ্লিষ্ট পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কক্সবাজার আনা হচ্ছে। তারা মিয়ানমারের নাগরিকদের ইমিগ্রেশন সম্পাদন করে ফেরত পাঠানোর ব্যবস্থা করবেন।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব জানান, ইতিমধ্যে বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের ৩৪ জনকে ফেরত পাঠানোর একটি তালিকা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতর থেকে ফেরত পাঠানোর স্থানীয় প্রশাসনিক কার্যাদি সম্পাদনের ব্যবস্থা নিতে নিদের্শনা দেয়া হয়েছে।

এর আগে তিন দফায় পালিয়ে আসা আরও ৭৫২ জনকে স্বদেশে ফেরত নিয়েছিল মিয়ানমার জান্তা সরকার। আর সেদেশে কারাভোগ শেষে ফিরেছে ২১৪ বাংলাদেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত