ব্যবসা ছোট বলে কোনোভাবেই অবহেলা করা যাবে না। ব্যবসা সফল করে বড় পরিসরে নিয়ে যেতে হলে যেসব চ্যালেঞ্জ আপনাকে মোকাবিলা করতে হবে জেনে নিন। জানালেন রিবা মাহামুদ
প্রত্যেক ব্যবসারই একটা নির্দিষ্ট পরিমাণ মূলধনের প্রয়োজন হয়, তবে ছোট ব্যবসায় প্রায়ই মূলধনের সংকট থাকে। ছোট ব্যবসার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পর্যাপ্ত মূলধন বা বিনিয়োগের অভাব। ব্যবসা শুরু করতে গেলে প্রাথমিক বিনিয়োগের প্রয়োজন হয়, যা অনেকের কাছেই সহজলভ্য নয়। ব্যাংক লোন, বিনিয়োগকারী, শেয়ারে ব্যবসা বা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করা যায়। কিন্তু সঠিক বা গোছানো পরিকল্পনা ছাড়া এই প্রক্রিয়া বেশ জটিল।
বর্তমানে অনলাইন উপস্থিতি ছাড়া ব্যবসার পরিধি বাড়ানো বেশ কঠিন। ছোট ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং ও ব্র্যান্ডিং বড় চ্যালেঞ্জ। নতুন ব্যবসা হিসেবে গ্রাহকদের আস্থা অর্জন করা সহজ নয়। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া প্রমোশন ইত্যাদি বিষয়ে অজ্ঞতা বা কম জানা অনেক সময় ব্যবসাকে পিছিয়েও দেয়।
যেকোনো ব্যবসায় অনেক প্রতিযোগী থাকায় নতুন ব্যবসার জন্য জায়গা করে নেওয়া কঠিন। বিশেষ করে বড় কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা ছোট ব্যবসার জন্য বড় চ্যালেঞ্জ। বড় কোম্পানির পাশাপাশি ছোট ব্যবসাগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে পারে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে। তাই এই কঠোর প্রতিযোগিতা মোকাবিলা করতে প্রয়োজন ভালো পরিকল্পনা।
ছোট ব্যবসার জন্য দক্ষ কর্মী খুঁজে পাওয়া এবং তাদের ধরে রাখা বড় চ্যালেঞ্জ। বড় কোম্পানিগুলোর তুলনায় বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা কম হওয়ায় অনেকেই ছোট ব্যবসায় কাজ করতে আগ্রহী হন না। আবার আগ্রহী হলেও সেখানে তারা বেশিদিন কাজ করতে চান না। ছোট ব্যবসার জন্য আর্থিক ব্যবস্থাপনা জটিল বিষয়। অনেক সময় আয়-ব্যয়ের সঠিক হিসাব না রাখার কারণে ব্যবসায় লোকসান হয়। এ ছাড়া ট্যাক্স, লোনের কিস্তি ইত্যাদি বিষয়ে অজ্ঞতা অনেক সময় সমস্যা বাড়িয়ে তোলে। পাশাপাশি ব্যবসায় নগদ অর্থপ্রবাহ নিয়ন্ত্রণ না করতে পারলে বড় সমস্যার সৃষ্টি করতে পারে।
বর্তমানে প্রযুক্তির ব্যবহার ছাড়া ব্যবসা চালানো প্রায় অসম্ভব। কিন্তু অনেক ছোট ব্যবসায়ী প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে থাকেন, যা তাদের প্রতিযোগিতায় পিছিয়ে রাখে। এটাও ছোট ব্যবসার বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি। ডিজিটাল যুগে ব্যবসায়ীদের প্রযুক্তিগত দক্ষতা অপরিহার্য।
গ্রাহক সন্তুষ্টি ছোট ব্যবসার সাফল্যের মূল চাবিকাঠি। কিন্তু অনেক সময় পণ্য বা সেবার গুণগতমান বজায় রাখা, সময়মতো ডেলিভারি দেওয়া ইত্যাদি বিষয়ে ঘাটতি দেখা দেয়। মনে রাখবেন, ওপরের সবগুলো সামাল দিলেও ব্যবসা হবে না, যদি গ্রাহক সন্তুষ্টি না থাকে। একজন গ্রাহক বারবার আপনার সেবা নিলে সেটিই হবে ব্যবসার সবচেয়ে বড় সাফল্য।
ছোট ব্যবসার জন্য আইনি বিষয়গুলো অনেক সময় জটিল হয়ে ওঠে। লাইসেন্স, পারমিট, ট্যাক্স রিটার্ন ইত্যাদি বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে সমস্যা দেখা দিতে পারে। ব্যবসার জন্য সঠিক কর ব্যবস্থা ও নিয়মকানুন মেনে চলাও বাধ্যতামূলক।
