কার্লো আনচেলত্তি ও রিয়াল মাদ্রিদের মধ্যে আনচেলত্তির বিদায় নিয়ে মৌখিক সমঝোতা হয়েছে। ক্লাব ছাড়ার বিষয়ে দুই পক্ষই একমত হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে, সম্ভাব্য রবিবার বার্সেলোনার বিপক্ষে ক্লাসিকোর পরেই।
২০২৩ সালের ডিসেম্বরে বর্ধিত চুক্তি অনুযায়ী আনচেলত্তির বর্তমান চুক্তি ২০২৬ সাল পর্যন্ত চলার কথা। তবে তার বিদায়ের পথ সুগম করতে মূল আলোচ্য ছিল বাকি মেয়াদের বেতনসংক্রান্ত বিষয়গুলো। সেই জট কাটিয়ে এখন প্রায় সব প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে।
The Athletic আরও জানায়, আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ২০২6 বিশ্বকাপ পর্যন্ত এক বছরের প্রাথমিক চুক্তিতে। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (CBF) প্রেসিডেন্ট এডনালদো রদ্রিগেজের ‘স্বপ্নের কোচ’ হিসেবে আখ্যায়িত হয়েছেন তিনি। মার্চে দোরিভাল জুনিয়র বরখাস্ত হওয়ার পর থেকেই আনচেলত্তিকে নিয়ে আলোচনা চলছিল। এপ্রিলের ২৮ তারিখ লন্ডনে আনচেলত্তি ও CBF প্রতিনিধিদের মধ্যে বৈঠকও হয়, তবে রিয়ালের সঙ্গে বিষয় চূড়ান্ত না হওয়ায় তখনই চুক্তি সই হয়নি।
সব কিছু ঠিকঠাক চললে জুনে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে আনচেলত্তি ব্রাজিলের ডাগআউটে থাকবেন। যদিও তার প্রতি সৌদি আরবের ক্লাবগুলোরও আগ্রহ ছিল এবং রিয়ালে তিনি কোচিংয়ের বাইরের কোনো ভূমিকাতেও থাকতে পারতেন—চুক্তির শর্ত অনুযায়ী।
এদিকে, রিয়াল মাদ্রিদ এখন নতুন কোচ নির্বাচনের দ্বারপ্রান্তে। বাইরের বিকল্প হিসেবে বায়ার লেভারকুজেনের কোচ এবং ক্লাবের সাবেক তারকা জাবি আলোনসোই প্রথম পছন্দ। ক্লাবের অভ্যন্তরীণ প্রার্থী হিসেবে কাস্টিয়ার কোচ রাউল গনসালেস কিংবা যুবদল ‘জুভেনিল এ’ কোচ আলভারো আরবেলোয়ার চেয়ে এগিয়ে আছেন স্পোর্টিং ডিরেক্টর সান্তিয়াগো সোলারি।
২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদে ফিরে আনচেলত্তি দলকে দুটি লা লিগা এবং তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ সর্বমোট ১৫টি ট্রফি এনে দিয়েছেন। ক্লাব ইতিহাসে তিনি এখন পর্যন্ত সবচেয়ে সফল কোচ। রিয়াল চায়, তার বিদায় হোক সম্মানজনক ও স্মরণীয়।
তবে চলতি মৌসুমে ফল আশানুরূপ হয়নি। চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে কোয়ার্টার ফাইনালে বিদায়, কোপা দেল রে-র ফাইনালে বার্সার কাছে অতিরিক্ত সময়ে পরাজয় এবং লিগ টেবিলে হানসি ফ্লিকের বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল। সামনে আছে মৌসুমের সবচেয়ে আলোচিত ম্যাচ—এল ক্লাসিকো।অনেকেই বলছেন, সেটিই হবে আনচেলত্তির রিয়াল অধ্যায়ের শেষ অধ্যায়।
