চাঁদপুরের ফরিদগঞ্জে এক এসআইয়ের বাসা থেকে ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলিসহ একটি পিস্তল চুরি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সোমবার এসআই রাকিব উদ্দিন ভূঁইয়াকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম।
খবর পেয়ে রাতেই চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুল চাকমা, পিবিআই পুলিশ সুপার (এডিসনাল পদে পদোন্নতিপ্রাপ্ত) এসএম মোস্তাইম, সিআইডি ও ডিবির চৌকশ টিমসহ থানার ওসি মো. শাহ্ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফরিদগঞ্জ থানার ওসি শাহ্ আলম জানান, ফরিদগঞ্জ থানার উত্তরে একটি ভাড়া বাসায় একাই থাকেন এসআই রাকিব আহমেদ। সোমবার (৫ মে) দুপুরে দুর্বৃত্তরা এসআই রাকিবের বাসার তালা ভেঙে ২টা ম্যাগাজিনে ১৬ রাউন্ড গুলিসহ একটি পিস্তল ও দশ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় এসআই রাকিবকে সাময়িক বরখাস্ত করে চাঁদপুর পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এছাড়া পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা একটি মামলা করে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক রাকিব উদ্দিন জানান, সোমবার দুপুরে বাসা থেকে বের হয়ে থানায় আসেন। বিকেলে ৪টা নাগাদ বাসায় গিয়ে দেখেন দরজা খোলা ও ঘরের মালামাল তছনছ। ব্রিফকেস থাকা গুলিসহ সরকারি পিস্তল ও নগদ টাকা নিয়ে গেছে।
