সাতক্ষীরায় হত্যা মামলায় পত্রিকা সম্পাদক কারাগারে

আপডেট : ০৮ মে ২০২৫, ১০:৫৭ পিএম

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হাবিবুর রহমানকে হত্যা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন।

সাংবাদিক হাবিবুর রহমানের আইনজীবী আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট সাতক্ষীরার দেবহাটার খলিশাখালী এলাকার ১৩২৮ বিঘার একটি মৎস্য ঘেরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া চালিয়ে আতংক সৃষ্টি করে সন্ত্রাসীরা। এরপর ১ নভেম্বর সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে ওই এলাকায় তল্লাশি চালায়। অভিযানের সময় গণপিটুনিতে নিহত হন কামরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি। এ সময় ১৫টি হাতবোমা, দেশীয় দা, আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার কয়েকদিন পর নিহত কামরুল ইসলামের স্ত্রী অভিযোগ করেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে দেবহাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় জমির মালিকদের পাশপাশি সাংবাদিক হাবিবুর রহমানকেও আসামি করা হয়।

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আব্দুস সাত্তারকে বলেন, মর্জিনা খাতুন একজন অসহায় ও দরিদ্র নারী, যিনি তার স্বামীকে হারিয়েছেন। বর্তমানে তিনি সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা আদালতের কাছে  হত্যা মামলার আসামির জামিন না মঞ্জুর করতে আবেদন করেছি। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

এদিকে সাতনদী পত্রিকার সহ-সম্পাদক আব্দুর রহমানসহ পত্রিকা সংশ্লিষ্ট সাংবাদিকরা বলেন, হাবিবুর রহমানকে মিথ্যে হযরানিমূলক মামলা ফাঁসানো হয়েছে। সাংবাদিকরা অবিলম্বে এই মামলা প্রত্যাহার ও তার মুক্তি দাবি করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত