‘চাষার লিগ’ এর দলটিই ফাইনালে

আপডেট : ০৯ মে ২০২৫, ১২:৩৫ এএম

“আমরাই তো ‘চাষার লিগ’, তাই না?” সেমিফাইনালে ইংলিশ ক্লাব আর্সেনালকে হারানোর পর এক সাক্ষাৎকারে হাসতে হাসতেই বলেন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) কোচ লুইস এনরিকে। তার এই মন্তব্য যেন কটাক্ষের জবাবে ছুড়ে দেওয়া ঠাট্টা এমন ঠাট্টা, যা ব্যথা দিতেও জানে।

অনেক বছর ধরেই ফুটবল দুনিয়ার একাংশ লিগ আঁ-কে ‘ফার্মারস লিগ’ বলে খাটো করে। কারণ একটাই পিএসজির একচ্ছত্র আধিপত্য। শেষ ১৩ মৌসুমে ১১ বার শিরোপা প্যারিসের দখলে। কিন্তু এই আধিপত্যের সঙ্গে ইউরোপে সাফল্যের অভাব মিলিয়ে তৈরি হয় এই তকমা ফার্মারস লিগ! যেন মাঠে পেশাদার ফুটবলার নয়, চাষারা খেলে! তবে এবার সেই ‘চাষার দল’ই চাষ করেছে ইংলিশ জায়ান্টদের বাগান! চ্যাম্পিয়নস লিগের মঞ্চে একে একে বিদায় করে দিয়েছে চার-চারটি প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার সিটি, লিভারপুল, অ্যাস্টন ভিলা এবং শেষতক আর্সেনাল।

সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে হারায় ১-০ গোলে। ফিরতি লেগে বুধবার প্যারিসে ২-১ গোলের জয়ে ৩-১ ব্যবধানে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত হয় পিএসজির। ম্যাচ শেষে এনরিকে বলেন, ‘দুই লেগ মিলিয়ে আমরা বেশি গোল করেছি, এটাই ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে আর্সেনাল দুর্দান্ত খেলেছে, আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে।’

পিএসজির এই যাত্রা ছিল খুব কঠিন। গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচেই হেরে যায় তারা। এর একটি ছিল সেমি প্রতিপক্ষ আর্সেনালের কাছে, ২-০ গোলে। কিন্তু সেই দলটিই ঘুরে দাঁড়িয়ে ইউরোপের অন্যতম কঠিন প্রতিযোগিতায় ফাইনালে জায়গা করে নিল। এনরিকে বলেছেন, ‘লিগ পর্বের কঠিন সময়গুলো আমাদের দলকে আরও শক্ত করেছে। পরিসংখ্যান বলছে, আমরা ইউরোপের অন্যতম সেরা দল। ছোট টুর্নামেন্টে কার্যকারিতা সবচেয়ে জরুরি, সেটা আমরা দেখাতে পেরেছি।’

এবার ফাইনালে মুখোমুখি হবে পিএসজি ও ইন্টার মিলান মে ৩১ তারিখে মিউনিখের অলিয়াঞ্জ অ্যারেনায়। ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে গিয়েছিল পিএসজি। ফাইনালের প্রতিপক্ষ নিয়ে এনরিকে বলেছেন, ‘ইন্তার মিলান আমাদের তুলনায় অনেক বেশি অভিজ্ঞ। ওদের ফুটবলাররা আমাদের চেয়ে বেশি বয়সী ও পরিণত। তবে আমাদের আছে তাড়না, ট্রফি জিততে চাই আমরা এবং ফাইনালেও সে মানসিকতা থাকবে। কাজটা যদিও কঠিন হবে। তবে তাদের জন্যও কাজটা সহজ হবে না। ফাইনাল বেশ ইন্টারেস্টিং হবে, দুই দলের জন্যই কঠিন পরীক্ষা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত