দেবীগঞ্জে ট্রাকচাপায় দুই স্কুলছাত্র নিহত

আপডেট : ০৯ মে ২০২৫, ০৯:১৫ এএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাজার থেকে বাড়ি ফেরার পথে পাথরবোঝাই ট্রাকের চাপায় সঞ্জয় চন্দ্র রায় (১৪) ও অনিক চন্দ্র রায় (১৩) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সঞ্জয় পামুলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং অনিক চন্দ্র কালুরহাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

বৃহস্পতিবার (৮ মে) রাত ৮টার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বাজার সংলগ্ন চার তলার মোড় এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। সঞ্জয় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ভুল্লী পাড়া এলাকার রাজকুমারের ছেলে এবং অনিক একই এলাকার অতুল বর্মনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সঞ্জয় বাজার খরচ করার উদ্দেশ্যে বাড়ি থেকে লক্ষীরহাটে যায়। সেখানে খরচ করে তার চাচা অনিকসহ বাইসাইকেলে করে বাসায় ফিরছিল। পথে লক্ষীরহাট চার তলার মোড় সংলগ্ন মহাসড়কে পঞ্চগড় থেকে একটি পাথরবোঝাই ট্রাক সঞ্জয়দের পেছন দিক থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সঞ্জয় এবং অনিক। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয়রা ঘাতক ট্রাক, ট্রাকের চালক ও সহকারীকে আটক করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ির চালক আব্দুল হালিম (৬০) এবং সহকারী জাহিদ হাসানকে আটক করে থানায় নিয়ে আসে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ট্রাকচাপায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাক, ট্রাকের চালক এবং সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত