বিপর্যস্ত দুই আবাহনী, অবনমন নিশ্চিত চট্টগ্রামের

আপডেট : ১০ মে ২০২৫, ০৭:৫০ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে শিরোপা লড়াই জমে ওঠার সুযোগ ছিল দারুণ, কিন্তু তা কাজে লাগাতে পারল না ঢাকা আবাহনী। শনিবার ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে গোলশূন্য ড্র করে মোহামেডানের সঙ্গে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে আকাশি-নীলরা।

আগের দিন ফর্টিজ এফসির বিপক্ষে ঢাকা মোহামেডান ১-১ গোলে ড্র করায়, পয়েন্ট ব্যবধান সাত থেকে পাঁচে নামিয়ে আনার সম্ভাবনা ছিল আবাহনীর সামনে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলবঞ্চিত থেকে তাদের ১৪ ম্যাচে পয়েন্ট দাঁড়াল ২৮। আর সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। শিরোপা জয়ের হিসাবও এখন অনেকটা সহজ সাদা-কালোদের জন্য। তাদের পরবর্তী দুই ম্যাচেই জয় পেলে মোট পয়েন্ট দাঁড়াবে ৪১, যা আবাহনী তাদের বাকি চার ম্যাচ জিতেও ছুঁতে পারবে না।

আবাহনীর জন্য ম্যাচটি শুধু পয়েন্ট হারানোর হতাশাই নয়, ডিফেন্ডার পাপন সিংয়ের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়াও বাড়িয়েছে বিপদ। আগের ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে লাল কার্ড দেখে দলে অনুপস্থিত ছিলেন শাহীন মিয়া। একের পর এক নিষেধাজ্ঞা দলটির সংকট আরও গভীর করছে।

এদিকে দিনশেষে অবনমনের ছবিটাও কিছুটা স্পষ্ট হয়ে উঠেছে। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। ইরফান ও মোশারফ শান্তর দুই অর্ধে করা গোলে জয় নিশ্চিত হয়। ম্যাচের অন্তিম মুহূর্তে রাজন হাওলাদারের গোলে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি রহমতগঞ্জ।

এই জয়ে ফকিরেরপুলের পয়েন্ট ১৬ হওয়ায় তারা রয়েছে টেবিলের অষ্টম স্থানে, যা চট্টগ্রাম আবাহনীর জন্য দুঃসংবাদ। ১৪ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট পাওয়া দলটি বাকি চার ম্যাচ জিতলেও ফকিরেরপুলকে আর স্পর্শ করতে পারবে না। ফলে দ্বিতীয় লেগ শুরুর আগেই অবনমন ছিল অনুমেয়, আজ তা নিশ্চিত হলো।

চট্টগ্রাম আবাহনীর বিদায় যেমন নিশ্চিত, তেমনি শিরোপা ঘিরে উত্তেজনাও এখন জমজমাট। তবে চাপটা এখন একচেটিয়াভাবে মোহামেডানের কাঁধে, যারা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে নিতে পারবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত