পারিবারিক অনুষ্ঠানে ছোট ভাইয়ের বাসায় গেলেন খালেদা জিয়া

আপডেট : ১১ মে ২০২৫, ০৭:২৯ এএম

ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার পর শামীম ইস্কান্দারের গুলশান-২ এর বাসার যান তিনি। এদিন রাত পৌনে ১০টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দেশ রূপান্তরকে এ তথ্য জানান। তিনি জানান, এটা একটা পারিবারিক অনুষ্ঠান।

দলীয় সূত্র জানায়, ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদের পর শামীম ইস্কান্দরের বাসায় উঠেছিলেন খালেদা জিয়া।

দেশে ফেরার পর থেকে বিশ্রামে ছিলেন বিএনপি চেয়ারপারসন। নিয়মিত তার স্বাস্থ্যের ফলোআপ করছেন চিকিৎসকরা। মঙ্গল ও বুধবার রাতে চিকিৎসকরা গুলশানের বাসায় গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। বর্তমানে আগের চেয়ে অনেকটা সুস্থবোধ করায় পারিবারিক এই অনুষ্ঠানে অংশ নিতে ছোট ভাইয়ের বাসায় গেলেন তিনি।

দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে গত ৬ মে লন্ডন থেকে দেশে ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী। এদিন তিনি সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যান। এ সময় তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে খালেদা জিয়াকে দেখতে পরিবারের সদস্য ও নিকটাত্মীয় ছাড়া তেমন কেউ বাসায় যাননি। তিনি ঘনিষ্ঠজনদের সঙ্গে খোশমেজাজে সময় কাটাচ্ছেন বলে সূত্রগুলো জানিয়েছে।

৭৯ বছর বয়সী এই নেত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ৭ জানুয়ারি লন্ডন যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত