রাওয়ালপিন্ডিতে হতে পারে পিএসএলের বাকি ম্যাচ

আপডেট : ১২ মে ২০২৫, ০৩:৪৪ পিএম

ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতির পর আবারও মাঠে গড়াতে পারে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে টুর্নামেন্টটি পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সম্ভাব্য আয়োজক শহর হিসেবে বিবেচনায় রয়েছে রাওয়ালপিন্ডি।

চলমান দ্বন্দ্বের জেরে গত মাসে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পরই নিরাপত্তাজনিত উদ্বেগে পেশাওয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ স্থগিত করা হয়। তখন থেকেই টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার গুঞ্জন ওঠে। প্রাথমিকভাবে পিসিবি চেয়েছিল করাচিতে বাকি ম্যাচগুলো আয়োজন করতে। তবে সেই প্রস্তাবে সাড়া দেননি বিদেশি ক্রিকেটাররা।

বিদেশি ক্রিকেটারদের অনীহার কারণেই শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয় টুর্নামেন্টটি। কিন্তু যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় পিসিবি সেখান থেকেও পিছিয়ে আসে এবং অনির্দিষ্টকালের জন্য পিএসএল স্থগিতের সিদ্ধান্ত নেয়।

১০ মে ভারত ও পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা আসে। এরপরই আবার নতুন করে সক্রিয় হয় পিসিবি। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পিসিবি ইতোমধ্যে ছয়টি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ শুরু করেছে এবং নির্দেশনা দিয়েছে যেন তারা দুবাইয়ে অবস্থানরত বিদেশি ক্রিকেটারদের প্রস্তুত রাখে। দেশীয় ক্রিকেটারদেরও জানানো হয়েছে, যেন তারা খেলার প্রস্তুতি নেয়।

তবে এখনো নির্দিষ্ট করে কিছু জানায়নি বোর্ড। কবে থেকে আবার মাঠে গড়াবে পিএসএল, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এদিকে পিএসএলের সময়সূচি নিয়ে আরেকটি জটিলতা দেখা দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় খেলা শুরু করা না গেলে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে সময়সূচির সংঘর্ষ ঘটতে পারে। এক্ষেত্রে যে কোনো একটির সূচি পরিবর্তনের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে পিএসএলের ২৭টি ম্যাচ সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে ৮টি ম্যাচ। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ১৩ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে। ১০ পয়েন্ট করে দুই ও তিন নম্বরে রয়েছে যথাক্রমে করাচি কিংস ও ইসলামাবাদ ইউনাইটেড। চারে থাকা রিশাদ হোসেনের লাহোর কালান্দার্সের পয়েন্ট ৯, আর নাহিদ রানার পেশাওয়ার জালমির সংগ্রহ ৮। ইতোমধ্যে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে মুলতান সুলতানস।

সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই আবারও জমে উঠবে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। এখন শুধু অপেক্ষা, কবে ঘোষণা আসবে মাঠে ফেরার দিনক্ষণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত