ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত ২ যুবক

আপডেট : ১২ মে ২০২৫, ০৬:৫২ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (১১ মে) গভীর রাতে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পাশে বালুরচর গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন বালুরচর গ্রামের জিতু প্রধানের ছেলে নাঈম প্রধান (১৭) ও চর কুমারিয়া গ্রামের আহমদ আলীর ছেলে সোহেল রানা (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বালুর চর এলাকার বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার খুলতে যান দুই যুবক। ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন না করেই খুলতে গেলে হঠাৎ করে তারা উচ্চ ভোল্টেজের বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা আরশাদ কবির জানান, আহতের শরীর ব্যাপকভাবে ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর গজারিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আশরাফুল আলম বলেন, ট্রান্সফরমার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা খুবই দুঃখজনক। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। যারা জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত