দেশ জুড়ে তাপপ্রবাহ বইছে। প্রচন্ড গরমে নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দিচ্ছে মানুষের। এ সময় সুস্থ থাকতে বেশ কিছু জরুরি স্বাস্থ্য নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল সোমবার অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করেন।
প্রয়োজনে ‘স্বাস্থ্য বাতায়ন’-১৬২৬৩ নম্বরে পরামর্শের জন্য যোগাযোগ করতে বলেছে অধিদপ্তর।
অধিদপ্তরের জরুরি নির্দেশনায় বলা হয়, ১. দিনের বেলায় ঘরের বাইরে বের হলে ছাতা, টুপি/ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন। ২. হালকা রঙের সুতির ঢিলেঢালা জামা পরিধান করুন। ৩. প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন এবং তরল জাতীয় খাবার গ্রহণ করুন। ৪. সম্ভব হলে একাধিকবার গোসল করুন। ৫. অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার পরিহার করুন এবং বাসি, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন। ৬. প্রস্রাবের রঙের দিকে লক্ষ্য রাখুন, গাঢ় হলুদ রঙের প্রস্রাব হলে অবশ্যই পানি পানের পরিমাণ বৃদ্ধি করুন। ৭. গরমে অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।
