বাংলাদেশ থেকে চলতি বছরের হজে অংশ নিতে আজ মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৪০ হাজার ৬০৮ জন হজযাত্রী। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত মোট ১০১টি ফ্লাইটে তাঁরা সৌদিতে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ২৫ জন হজযাত্রী। এ পর্যন্ত মোট ৮৬ হাজার ৪৪৭টি হজ ভিসা ইস্যু হয়েছে।
এই তথ্য জানানো হয়েছে হজ বিষয়ক সর্বশেষ বুলেটিনে, যা মঙ্গলবার প্রকাশ করে হজ হেল্প ডেস্ক। তথ্য নিশ্চিত করেছে বিমান সংস্থা, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, বাংলাদেশ হজ অফিস (ঢাকা ও সৌদি আরব) সংশ্লিষ্ট সূত্র।
হজ হেল্প ডেস্ক জানিয়েছে, এ পর্যন্ত ১০১টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫১টি, সৌদি এয়ারলাইন্স ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৬টি ফ্লাইট।
এদিকে, চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত মারা গেছেন ৬ জন হজযাত্রী। তাদের মধ্যে ৫ জন পুরুষ এবং ১ জন নারী। নিহতদের মধ্যে রয়েছেন— জামালপুরের বকশীগঞ্জ উপজেলার হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর এবং নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২)।
প্রসঙ্গত, চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী সৌদিতে রওনা হওয়ার মধ্য দিয়ে। শেষ হজ ফ্লাইট ছাড়বে ৩১ মে।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৮১ হাজার ৯০০ জন।
সৌদি আরবে চাঁদ দেখার ওপর নির্ভর করে এবারের হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ৫ জুন। হজ কার্যক্রমে অংশ নিচ্ছে মোট ৭০টি হজ এজেন্সি।
হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে, শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাইয়ের জন্য নির্ধারিত।
আমার কারণেই ভারত-পাকিস্তান সংঘাত হলো বন্ধ: ট্রাম্প
চিকিৎসার জন্য ব্যাংককে গেলেন মির্জা ফখরুল