স্কুলছাত্র হত্যাচেষ্টা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৩ মে ২০২৫, ০২:৪৭ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে স্কুলছাত্র হিমেলকে হত্যাচেষ্টার মামলায় মাসুদ রানা নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তিনি মামলার এজাহারনামীয় আসামিদের তালিকায় ছিলেন না বলে জানা গেছে।

গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা বাজার এলাকা থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাসুদ রানা আজগানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বেলতৈল গ্রামের মুক্তার মিয়ার ছেলে।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট ‘জুলাই আন্দোলন’ চলাকালে গোড়াই হাইওয়ে থানার সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই আন্দোলনে অংশ নেয় গোড়াই লালবাড়ি এলাকার স্কুলছাত্র হিমেল। সংঘর্ষ চলাকালে ছররাগুলিতে হিমেল তার দুই চোখের দৃষ্টিশক্তি হারায়।

এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে ১০০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে অভিযুক্ত করে আদালতে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব জানান, মাসুদ রানা এজাহারনামীয় আসামি না হলেও তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত