পুলিশ আর কখনো হত্যাকারী বাহিনী হবে না : আইজিপি

আপডেট : ১৪ মে ২০২৫, ০৭:৩৯ এএম

আওয়ামী লীগ টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকাকালে পুলিশ বাহিনীকে দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করিয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ব্যাপক রোষানলে পড়ে পুলিশ। এই অবস্থায় বর্তমান অন্তর্র্বর্তী সরকার পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর কাজ করছে। এর অংশ হিসেবে পুলিশের হাত আর মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশ বাহিনী আর কখনো হত্যাকারী বাহিনী হবে না।

গতকাল মঙ্গলবার বিকেলে মিরপুরে পুলিশ স্টাফ কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এর আগে আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এই সময় বিসিবির সভাপতি ফারুক আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ‘যে অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু হয়, যেগুলো থেকে বুলেট নির্গত হয়, সেগুলো আমরা এড়িয়ে যাব। তবে সবার সঙ্গে আলোচনা করে ঠিক করব। অন প্রিন্সিপাল আমরা মনে করি, পুলিশ ক্যান নট বি কিলার ফোর্স।’ তিনি আরও বলেন, ‘আমার কাছে বড় জোর শটগান থাকবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা সবার তাই না! যেসব জায়গায় বিশেষ জায়গাগুলোতে যেখানে ঝুঁকি থাকে বা রিভোল্ট হওয়ার সম্ভাবনা থাকে বা ওইসব বিদ্রোহী থাকে, সেখানে অবশ্য সেগুলো মানা খুব কঠিন হয়। নরমালি আমাদের ল’ ইন অর্ডার মানতে গিয়ে যেন নননিথাল ওয়েপন (অপ্রাণঘাতী অস্ত্র) থাকে। আসলে সেটা সারা বিশ্বে গ্রহণযোগ্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত