ববির অন্তর্বর্তী উপাচার্য তৌফিক আলম

আপডেট : ১৪ মে ২০২৫, ০৯:০৫ এএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

মঙ্গলবার (১৩ মে) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ও ১০(৩) ধারা অনুযায়ী, বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তাকে নিয়োগের শর্তে বলা হয়েছে যে, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এছাড়া, তাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

অধ্যাপক ড. তৌফিক আলম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ থেকে ১৯৮৬ ও ১৯৮৭ সালে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৭ সালে তিনি জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন এবং ২০০২ সালে টোকিও ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৯২ সালে তিনি প্রভাষক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং ২০০৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

তাঁর দুইটি গ্রন্থের অধ্যায় এবং ৪৩টি প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। এছাড়া, তিনি ৩০টিরও বেশি আন্তর্জাতিক সেমিনার, সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তাঁর তত্ত্বাবধানে বহু গবেষণা সম্পন্ন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত