চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপি-তে চালু হচ্ছে অনলাইন জিডি

আপডেট : ১৪ মে ২০২৫, ১১:০৫ এএম

চট্টগ্রাম রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকায় আজ বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে অনলাইন জিডি সেবা। এদিন থেকে চট্টগ্রাম রেঞ্জের অন্তর্ভুক্ত সব জেলা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন প্রতিটি থানায় ঘরে বসেই করা যাবে সাধারণ ডায়েরি।

পুলিশের প্রধান উপদেষ্টার নির্দেশনায় সেবাকে আরও সহজ ও নাগালের মধ্যে আনতেই বাংলাদেশ পুলিশ এই উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় প্রাথমিক পর্যায়ে গত ১৫ এপ্রিল সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং চাঁদপুর জেলার সব থানায় চালু হয় অনলাইন জিডি সেবা।

উল্লেখযোগ্য যে, এতদিন অনলাইনে শুধুমাত্র হারানো বা প্রাপ্তি সংক্রান্ত সাধারণ ডায়েরি করার সুযোগ ছিল। তবে এখন থেকে চট্টগ্রাম অঞ্চলে সকল ধরনের জিডি অনলাইনে নথিভুক্ত করা যাবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকাতেও এই সেবা বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

এই সেবা ব্যবহারে ইচ্ছুক নাগরিকরা গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড করে নিবন্ধনের মাধ্যমে সুবিধাটি গ্রহণ করতে পারবেন। একবার রেজিস্ট্রেশন করলেই যথেষ্ট, বারবার করতে হবে না।

অনলাইন জিডি কিংবা নিবন্ধন করতে গিয়ে যদি কারও কোনো অসুবিধা হয়, তাহলে ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগের অনুরোধ জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, জনগণের দোরগোড়ায় দ্রুত, সহজ ও আধুনিক সেবা পৌঁছে দিতেই তাদের এ নিরলস প্রয়াস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত