কলম বিরতিতে অচল বেনাপোল বন্দর

আপডেট : ১৪ মে ২০২৫, ১২:০৬ পিএম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি পৃথক সংস্থায় ভাগ করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কলম বিরতি পালন করছে বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারীরা। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হচ্ছে।

এর আগে গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ের সামনে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে অবস্থান কর্মসূচি থেকে তিনদিনের কলম বিরতির ঘোষণা দেওয়া হয়। সংগঠনটি সাফ জানিয়ে দেয়, যদি দাবি মানা না হয়, তাহলে ১৭ মে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

কলম বিরতির কারণে কার্যত অচল হয়ে পড়েছে বেনাপোল বন্দরের কার্যক্রম। এ বিষয়ে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতির ফলে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম এবং পণ্য খালাস সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রাজন হোসেন জানান, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলম বিরতি পালন করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত রাখব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত