আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি বিশ্বসেরা ফুটবলারের তালিকা করেছেন বটে, তবে সেখানে জায়গা হয়নি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা তারকা লিওনেল মেসির! তবে এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি, 'মেসি অনন্য। তাকে আলাদা রাখতে হয়।'
এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেন, 'আমি মেসিকে এক পাশে রাখছি, কারণ তিনি অনন্য। তাই আমার তালিকায় থাকবেন কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল এবং জুলিয়ান আলভারেস বা লাউতারো মার্তিনেস।'
মেসির প্রশংসায় স্কালোনি কোনো কার্পণ্য করেননি। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই কিংবদন্তি এখনও ৩৭ বছর বয়সেও এমএলএস ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন দুর্দান্ত ছন্দে। ইতিমধ্যেই দলকে ট্রফি জেতানোর পাশাপাশি এমভিপি খেতাবও জিতেছেন তিনি। ৪৬টি বড় শিরোপা জিতে ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপাজয়ী খেলোয়াড় এখন মেসিই।
যদিও আর্জেন্টিনার চোখে মেসিই চিরকাল সেরা, তবে স্কালোনি বর্তমান প্রজন্মের উদীয়মান ও প্রতিষ্ঠিত তারকাদের স্বীকৃতি দিতে চান—এমনটা বোঝা গেল তার বক্তব্যে। সেরা একাদশের ক্ষেত্রেও মেসিকে রেখেছেন স্কালোনি। সেই দলে আছেন বুফন, কাফু, মালদিনি, নেবেত, নেস্তা, মাউরো সিলভা, জাভি, ইনিয়েস্তা, ক্রিশ্চিয়ানো রোনালদো ও রোনালদো নাজারিও।
পেপ গার্দিওলা ও হোসে মরিনহোর প্রশংসাও করেছেন স্কালোনি। বলেছেন, 'আমি দুজনের থেকেই শিখি। পেপ বার্সায় আদর্শ ফুটবল খেলিয়েছেন, একইভাবে বায়ার্ন ও সিটিতেও। মরিনহোও নিজস্ব ঘরানায় অসাধারণ।'
সবশেষে একটি আবেগঘন স্বীকারোক্তি দিয়েছেন স্কালোনি, '২০০৬ বিশ্বকাপে খেলা মেসিই আমার সঙ্গে খেলা সেরা ফুটবলার।'
প্রথমবার আইসিসির মাসসেরা ক্রিকেটার মিরাজ