ডিএমপি কমিশনার

নিষিদ্ধ দলের কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকতে হবে

আপডেট : ১৬ মে ২০২৫, ০৬:৪৪ এএম

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, জনগণের নিরাপত্তা ও সেবা প্রদানে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যেতে হবে।

গতকাল বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে এপ্রিল-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেন, ঈদুল আজহার আর বেশি দিন বাকি নেই। কোরবানির পশুর হাটে ছিনতাই, চাঁদাবাজি প্রতিরোধে পুলিশকে তৎপর থাকতে হবে। এ সময় পশুর হাটে কেউ যেন জাল নোট ছড়াতে না পারে, সে বিষয়ে পুলিশের কঠোর নজরদারি বাড়াতে হবে।

পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ আইন ও বিধি দ্বারা পরিচালিত একটি সুশৃঙ্খল বাহিনী। পেশাগত দায়িত্ব পালনকালে পোশাকে, উপস্থাপনায়, সেবায় এবং দৃঢ়তায় নিজেদের অনন্য উচ্চতায় তুলে ধরতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অপেশাদার আচরণ ও শিথিলতা প্রদর্শন করার বিন্দুমাত্র সুযোগ নেই। মানুষের সঙ্গে আচরণে বিনয়ী হতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত