সাভারে বন বিভাগের জমি উদ্ধার করতে গিয়ে দখলদারদের হামলায় বন কর্মকর্তাসহ ৫ কর্মচারী আহত হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে বিট কর্মকর্তা মো. মহিদুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলায় আহত অন্যরা হলেন, কালিয়াকৈর বন বিটের গার্ড শহীদুল্লাহ কায়সার, বজলুর রহমান বেপারী, আলাউদ্দিন ও বাগান মালি বাপ্পী হোসেন।
আহত ফরেস্ট গার্ড শহীদুল্লাহ কায়সার বলেন, দীর্ঘদিন ধরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় বন বিভাগের ৬৫ একর জমি দখল করে রেখেছে স্থানীয় রং ব্যাবসায়ী অলোকমান হোসেন ঢালি। সেই জমি আজ আমরা উদ্ধার করার জন্য গিয়েছিলাম। তখন লোকমান ও তার সন্ত্রাসী বাহিনী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমাদের ওপর হামলা চালাই। তাদের ধারালো অস্ত্রের আঘাতে বিট কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ঢাকা জেলা বন কর্মকর্তা জিএক্স শাকিল বলেন, দখলদারদের হামলায় আমাদের বিট কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা সুস্থ হলে আমরা হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
তবে অভিযুক্ত হামলাকারী লোকমান বলেন, আমি বনের জমি লিজ নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। কিন্তু বন কর্মকর্তা মহিদুর রহমান মাঝে মাঝেই এসে আমার কাছে চাঁদা দাবী করে। এছাড়াও তারা বিভিন্নভাবে আমাদের অত্যাচার করে। এসব ঘটনার প্রতিবাদ করায় আজকে তারা অন্যায়ভাবে আমাকে উচ্ছেদ করতে আসলে দুই বিপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত বন কর্মকর্তা ও কর্মচারীরা চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
ভারতে পারমাণবিক পদার্থ চুরির তদন্ত চায় পাকিস্তান
আইপিএলে ডাক পেলেন আরও তিন বিদেশি
‘টেইটের মতো বড় ব্যক্তিত্ব পাশে থাকলে জিনিসগুলো সহজ হয়ে যায়’
ইয়াঙ্গুনে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফিরতে বলেছে সরকার