ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে স্থগিত হয়েছিল আইপিএল। এই দুই দেশ যুদ্ধ বিরতিতে রাজি হওয়ায় এখন পরিস্থিতি বদলেছে। এক সপ্তাহ পর আগামীকাল শনিবার থেকে আবারও মাঠে গড়াচ্ছে আইপিএল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্টের অবশিষ্ট অংশ। বিরতি শেষে মাঠে গড়াবে আইপিএলের বাকি ১৬ ম্যাচ।
তবে টুর্নামেন্টটি স্থগিত হওয়ার পর নিজ দেশে ফেরত চলে গেছেন বিদেশি ক্রিকেটারদের অনেকেই। যুদ্ধ বিরতি কার্যকর হলেও অনেক বিদেশি আইপিএলে ফিরতে রাজি নন। আবার চোটের কারণেও খেলোয়াড় বদল করতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
এরই মধ্যে দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের। এছাড়া আরও তিন ফ্র্যাঞ্চাইজি তাদের পুরোনো তিনজনের জায়গায় নতুন তিন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
এবারের আইপিএলে নিলাম থেকে নিউজিল্যান্ডের তারকা পেসার লকি ফার্গুসনকে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস। যদিও কাঙ্ক্ষিত পারফর্ম করতে পারেননি ডানহাতি এই বোলার। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে পড়ায় তার জায়গায় পাঞ্জাব নতুন করে ডেকে নিচ্ছে আরেক কিউই পেসার কাইল জেমিসনকে। ২ কোটি রুপিতে ডানহাতি এই বোলার আইপিএলে ডাক পেলেন।
চলমান আইপিএলে গুজরাট টাইটান্সের জার্সিতে দারুণ ফর্মে ছিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। কিন্তু জাতীয় দলের ব্যস্ততার কারণে তাকে ২৬ মের পর থেকে আর পাবে না দলটি। সে কারণে গুজরাট বাটলারের জায়গায় শ্রীলঙ্কান ব্যাটার কুশল মেন্ডিসকে ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে।
লখনৌ সুপার জায়ান্টস পেসার মায়াঙ্ক যাদবকে পিঠের চোট কাটিয়ে ফেরার পর ২ ম্যাচ খেলেই ফের ছিটকে গেছেন ২২ বছর বয়সী এই পেসার। সে কারণে তার জায়গায় নিউজিল্যান্ড পেসার উইল ও'রুর্কেকে নিয়েছে লখনৌ। ৩ কোটি রুপিতে প্রথমবার আইপিএলে ডাক পেলেন ২৩ বছরের এই পেসার।
‘টেইটের মতো বড় ব্যক্তিত্ব পাশে থাকলে জিনিসগুলো সহজ হয়ে যায়’
কাল আমিরাতের সঙ্গে খেলেই দিল্লি যাবেন মোস্তাফিজ
আবার জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেন ফাহমিদুল
নেপাল বাধা পেরিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ